চট্টগ্রামে জামায়াতের উদ্যোগে দেশাত্মবোধক গানের রোড শো

Printed Edition
3rd-8
রোড শো আয়োজনে বক্তব্য দিচ্ছেন জামায়াত নেতা মুহাম্মদ নজরুল ইসলাম

চট্টগ্রাম ব্যুরো

‘মহান বিজয়ের মাস উদযাপনে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজন করেছে দেশাত্মবোধক গানের রোড শো। সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে বিনোদনের পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম প্রকাশ করতেই এ আয়োজন। দেশাত্মবোধক গানের মাধ্যমে দেশের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের অনুভূতি জাগাতেই এই রোড শো।’

গতকাল শুক্রবার বিকেলে জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দেশাত্মবোধক গানের রোড শো অনুষ্ঠান উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

রোড শো তে চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমির শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশনা করেন। ট্রাক নিয়ে রোড শো শহরের জামিয়াতুল ফালাহ থেকে শুরু করে সিআরবি মোড়, বাদামতল মোড়, বড় পোল, বন্দর মোড়, ইপিজেড মোড়, কাঠগড় মোড় প্রদক্ষিণ করে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়। অন্যদিকে আরেকটি ট্রাক নিউমার্কেট, আন্দরকিল্লা মোড়, গুলজার মোড়, বহদ্দারহাট, কালামিয়া বাজার প্রদক্ষিণ করে নতুন ব্রিজে গিয়ে শেষ হয়।

রোড শো তে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাঁচলাইশ আমির মাহবুবুল হাসান রুমী, চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান ও কবি আব্দুল গফুর প্রমুখ।