বাসে ডাকাতদের গুলিতে নিহত ফুটবলার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ঘানা প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে ডাকাতদের গুলিতে প্রাণ হারিয়েছেন বেরেকুম চেলসির ফুটবলার ডমিনিক ফ্রিমপং। গত রোববার লিগে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষে ফেরার পথে ওই হামলার শিকার হয় ক্লাবটি। বিপদ টের পেয়ে বাসটির চালক পেছনে যাওয়ার চেষ্টা করলে গুলি করে ডাকাতরা। যা আঘাত করে ২০ বছর বয়সী ফ্রিমপংয়ের মাথায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। তবে এই হামলায় আর কেউ প্রাণ হারায়নি। বাকীরা বাস থেকে নেমে ঝোপঝাড়ে পালিয়ে রক্ষা পান।

এর আগে ২০২৩ সালেও প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেবার সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে লেগন সিটিসের বাসে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা, তবে সেই ঘটনায় কেউ হতাহত হননি।