আগ্রাবাদ ও খাতুনগঞ্জে একীভূত ৫ ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ ও খাতুনগঞ্জে একীভূত ৫ ব্যাংকের বিভিন্ন শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা। পরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের ব্যানারে মানববন্ধন করেন তারা।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে কয়েক শ’ আমানতকারী আগ্রাবাদ এক্সেস রোড থেকে মিছিল নিয়ে একীভূত ব্যাংকগুলোর আগ্রাবাদের বিভিন্ন শাখায় তালা ঝুলিয়ে দেন। আমানতকারীদের অপর একটি অংশ খাতুনগঞ্জেও এসব ব্যাংকের বিভিন্ন শাখায় তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। এ সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেন।
গ্লোবাল ইসলামী ব্যাংক জুবিলী রোড শাখার একজন আমানতকারী বলেন, আমি হেয়ার কাট মানি না। আমাদের টাকা ফেরত দেন।