সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

অস্বাস্থ্যকর ভোজ্যতেল মজুদের দায়ে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খুইদ্দারটেক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্যতেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গত শনিবার রাতে পরিচালিত অভিযানে ‘নুরুল স্টোর’ নামের ওই দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উক্ত দোকানে তিন হাজার ৫০০ লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল। এছাড়া অত্যন্ত নোংরা ও ময়লাযুক্ত পরিবেশে এসব তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে এই দণ্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে এবং বাজারে কৃত্রিম সঙ্কট রোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা।


নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিখোঁজের একদিন পর নর্দমার পানিতে ভাসমান অবস্থায় মাহিন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিন একই গ্রামের মামুন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের পর থেকে মাহিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এক পর্যায়ে সোমবার সকালে বাড়ির পাশের একটি নর্দমায় শিশুটিকে পানিতে ডুবে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, নিখোঁজের পর থেকেই শিশুটিকে খুঁজছিল পরিবার ও প্রতিবেশীরা; কিন্তু শেষ পর্যন্ত নর্দমা থেকেই তার লাশ উদ্ধার করতে হয়। থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।


ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন বীররামপুর ভাটিপাড়া এলাকার মান্নান ও সুজন মিয়া। তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের তত্ত্বাবধানে এবং ওসি (তদন্ত) গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মান্নান একজন চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে কক্সবাজার ও ভালুকা থানাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত চারটি মাদক মামলা রয়েছে। এর আগে তিনি কক্সবাজার থানায় দুই হাজার ২০০ পিস এবং ভালুকা থানায় এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। জামিনে বেরিয়ে তিনি আবারো মাদক কারবারে জড়িয়ে পড়েন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা।


ট্যাগ অফিসারদের ওপর হামলা, কর্মবিরতি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ওপর হামলা, হুমকি ও লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার কর্মকর্তারা। গত রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারীর কাছে স্মারকলিপি দেন। এতে বলা হয়, গত ২ এপ্রিল এক ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে কর্মকর্তা এনায়েত হোসেনের ওপর হামলা হয়। এরপর ৯ এপ্রিল বাড়ি ফেরার পথে ট্যাগ অফিসার রাজিবুল হাসানের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ করা হয়। এ ছাড়া ১১ এপ্রিল কয়েকটি স্টেশনে ফুয়েলকার্ড ছাড়া তেল নিতে এসে কিছু ব্যক্তি কর্মকর্তাদের হুমকি দেয়। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ট্যাগ অফিসারের দায়িত্ব থেকে কর্মবিরতির ঘোষণাও দেন তারা। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা।


নদীর চরের গাছ কাটায় প্রতিবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নদীর চরের গাছ নির্বিচারে কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত রোববার উপজেলা প্রেস ক্লাব চত্বরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবকরা এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরের হাজারো ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এসব গাছ প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। বিশেষ করে নদীভাঙন ও ঝড়-জলোচ্ছ্বাস রোধ করে এবং বহু প্রাণীর আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো চরের গাছ কেটে সেখান থেকে মাটি তুলে বাঁধ নির্মাণ করছে, যা টেকসই নয়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নদীভাঙন ও জীববৈচিত্র্যের ক্ষতি বাড়বে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে গাছ কাটা বন্ধ এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সিডিও’র নির্বাহী পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, শাহিন হোসেন, ইয়ুথ ফর সুন্দরবনের মুনতাকিমুল ইসলাম রুহানি ও রাজিয়া সুলতানা প্রমুখ। সাতক্ষীরা প্রতিনিধি।


শিক্ষককে মারধর করল ছাত্রদল নেতা

ঝিনাইদহে জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে গাছ কাটায় বাধা দেয়ায় এক কলেজ শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ সময় কয়েকজন নারীকে লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে। গত শনিবার দুপুরে সদর উপজেলার ছোট কামারকুণ্ডু গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক মনোয়ার হোসেন ঝিনাইদহের আব্দুর রউফ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। এ ঘটনায় তিনি রাতেই ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমেনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি একটি জমির গাছ কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে মনোয়ার হোসেন সেখানে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মনোয়ার হোসেন বলেন, গাছ না কেটে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানালে হামলার শিকার হন তিনি। তার অভিযোগ, এ সময় তার স্ত্রীসহ কয়েকজন নারীকে মারধর করা হয়। জমির মালিক দাবি করা দাউদ হোসেন বলেন, আদালতের রায় থাকার পরও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে। তবে অভিযুক্ত সমিনুজ্জামান সমেন অভিযোগ অস্বীকার করেছেন। ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, দুটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।


সীমান্তে পাচারকালে ২১২ লিটার ডিজেল জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে ২১২ লিটার ডিজেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীন বড়বলদিয়া বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হেলাতলা এলাকায় অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। রাত আনুমানিক ৮টার দিকে একটি ভ্যানগাড়ি চেকপোস্ট অতিক্রমের সময় থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানটিতে থাকা একটি ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যানচালক ইসরাফিল হোসেন (৪৯) জানান, জব্দকৃত তেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। উদ্ধারকৃত তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা প্রতিনিধি।