সর্বদলীয় ওলামা মাশায়েখের আলোচনা সভা
ওসমান হাদি জীবন দিয়ে ন্যায়ের পক্ষে সাক্ষ্য রেখে গেছেন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম বীর, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সর্বদলীয় ওলামা মাশায়েখের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তৃতা করেন সম্মিলিত ওলামা পরিষদের মহাসচিব মুফতি ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মাওলানা ফয়েজুল্লাহ আশরাফী, ওলামা মাশায়েখ পরিষদ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের নির্বাহী সদস্য অধ্যক্ষ শহীদুল্লাহ, প্রেসিডিয়াম সদস্য শাহ আবদুল মনিব নাসীরি, অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহম্মদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম মিয়াজী, অধ্যক্ষ আবদুর রহমান আল আজহারী, অধ্যক্ষ মুফতি নুরুল আমিন, অধ্যক্ষ মুফতি আজহারুল ইসলাম, মুফতি শফিক বিন বাহাউদ্দিন, মুফতি আবদুল গনি, মাওলানা আনিসুর রহমান, মুফতি মোসতাজা বিল্লাহ, মুহাদ্দিস আবু হানিফ মিশারী, ঢাবি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নাজির মাহমুদসহ দেশবরেণ্য আলেমরা।
বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি নিজের জীবন দিয়ে সম্মান, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সাক্ষ্য রেখে গেছেন। তার রক্ত আমাদের স্মরণ করিয়ে দেয়- অন্যায়ের কাছে মাথা নত না করাই প্রকৃত মানবিকতা। তারা বলেন, আগ্রাসন শুধু অস্ত্রের আঘাত নয়; এটি ন্যায়, মানবতা ও বিবেকের ওপর আঘাত। সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধেও শহীদ হাদি সবসময় সোচ্চার ছিলেন। ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা পরিহার করে সাহসের সাথে আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, ইতিহাসে মুজাদ্দেদে আলফেসানি থেকে শুরু করে শহীদ তিতুমীরসহ বহু মুজাহিদ আগ্রাসনের বিরুদ্ধে জীবন দিয়েছেন। শহীদরা কেবল অতীতের গল্প নন; তারা আমাদের বর্তমানের দায়িত্ব। অন্যায় দেখেও চুপ থাকা এবং নির্যাতনের মুখে নির্লিপ্ত থাকা অপরাধের শামিল। ব্যক্তি ও সমাজ- উভয়পর্যায়ে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে দেশবরেণ্য ওলামা মাশায়েখরা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ দিকে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় রাজধানীর উত্তরায় কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের পর উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে আয়োজিত এ কুরআন খতমে অর্ধশতাধিক হাফেজ অংশ নেন। ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।