ভাইবোনসহ বিভিন্ন স্থানে ৭ জন নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় ভাইবোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাইবোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। নিহতরা হচ্ছে যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার বোন বিউটি আক্তার (৩০) ও শ্যালক যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)। এ ঘটনায় গুরুতর আহতরা হচ্ছেন নিহত মিজানুরের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলা, গাড়িচালক বিষু।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন জানান, সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় যশোর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ তিনজন নিহত হন। অ্যাম্বুলেন্সের চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার বিরামপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ট্রাক্টরচালক জুইন। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় আবির (৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু কালীগঞ্জের কোলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

শনিবার বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে মুদি দোকানের দিকে যাওয়ার সময় দ্রুতগতির ইঞ্জিনচালিত এক ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গাামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় পানিবাহী ট্রাকচাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কেনি চাকমা (৩২)। তিনি অংচিং মারমা চন্দনের স্ত্রী। নিহত কেনি চাকমার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আসামবস্তি-কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় নিহত কেনি চাকমা সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় আসামবস্তি এলাকা থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে বেপরোয়া গতিতে যাওয়া পানিবাহী ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই পাহাড়ি মহিলার মৃত্যু হয়।

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার মধ্যেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গুণগ্রাম হরিপুর এলাকায় পৌঁছালে প্রান্তিক পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় দুই বাসের কমপক্ষে ২২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের ছনবাড়ী ব্রিজের ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।