আইসিটির বিচার কাজ নিয়ে সরকার সন্তুষ্ট : আইনমন্ত্রী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারিক কাজ নিয়ে সরকার সন্তুষ্ট। সেখানে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি বলেও জানান তিনি।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেও ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে না। আইন অনুযায়ী অপরাধের বিচার করা হবে।’ এদিন বেলা ৩টার দিকে পরিদর্শনে আসেন আইনমন্ত্রী। প্রথমেই তিনি ট্রাইব্যুনাল-১ এর এজলাসকক্ষে যান । এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানায় প্রসিকিউশন।

তিনি বলেন, এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রমের ব্যাপারে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পেলে নিশ্চয়ই আমরা দেখব। তবে এখানে আসা বিভিন্ন মামলা নিয়ে আমরা যাচাই-বাছাই করছি। অপরাধ যদি হয়ে থাকে সেটার বিচারের জন্য মামলার সংখ্যা মুখ্য বিষয় নয়। ন্যায়বিচার হচ্ছে কিনা সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। আমরা ন্যায়বিচার নিশ্চিতে যা করার তা-ই করব।’

আসাদুজ্জামান বলেন, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সাথে আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করলাম। এটা সৌজন্য বৈঠক। এখানে কী ধরনের সমস্যা রয়েছে তা জানলাম। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় এসব সমস্যা কিভাবে মোকাবেলা করা যায়, সে বিষয়ে আলোচনা হলো।