যুদ্ধবিরতিতে থাইল্যান্ড থেকে ১৮ কম্বোডীয় সেনার মুক্তি

Printed Edition

এএফপি

চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ১৮ জন কম্বোডীয় সেনাকে মুক্তি দিয়েছে থাইল্যান্ড। গতকাল বুধবার কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয় দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছরের জুলাই মাস থেকে ওই সেনারা থাইল্যান্ডের হেফাজতে আটক ছিলেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ গত সপ্তাহান্তে একটি নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে কার্যকর হয়। এর মাধ্যমে ২০ দিন ধরে চলা সীমান্ত সংঘর্ষের আপাতত সমাপ্তি ঘটেছে। ওই সংঘর্ষে অন্তত ১০১ জন নিহত এবং দুই দেশের পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে। সঙ্ঘাতে যুদ্ধবিমান অভিযান, রকেট হামলা ও ভারী কামানের গোলাবর্ষণের মতো ঘটনাও ঘটেছে।