ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী ট্রেনে আগুন

Printed Edition
onno-1
মধ্যপ্রদেশের রতলামে দিল্লিগামী একটি ট্রেনে আগুন লাগার পর নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা: ইন্টারনেট

এনডিটিভি

ভারতের মধ্যপ্রদেশের রতলামে গতকাল রোববার সকালে দিল্লিগামী ‘রাজধানী এক্সপ্রেসের’ শীতাতপনিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওই কোচ থেকে ৬৮ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ৬৮ জন যাত্রী বহনকারী বি-১ কোচে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের বিক্রমগড় আলোট ও লুনি রিছা স্টেশনের মাঝামাঝি এলাকায়। ক্ষতিগ্রস্ত কোচটি দ্রুত ট্রেন থেকে আলাদা করা হয়। নিরাপত্তার স্বার্থে সাথে সাথে ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করে দেয়া হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার এক ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন করা কোচ থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে। আগুন রেললাইনের পাশের কিছু গাছেও ছড়িয়ে পড়ে।

রেলওয়ে জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে তাদের যাত্রা অব্যাহত রাখতে অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়, যাতে তারা কোটা পর্যন্ত যেতে পারেন। ট্রেনটি বেলা ১১টার দিকে কোটা স্টেশনে পৌঁছলে সেখানে একটি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়, যাতে ট্রেনের পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধার করা যায়।