শেরপুরে ৩ বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ

Printed Edition
bangla-5
ক্ষতিগ্রস্ত ক্ষেতে হতাশ কৃষক জাহাঙ্গীর আলম : নয়া দিগন্ত

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শেরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তিন বিঘা জমির আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপর এলাকায়। এ ঘটনায় এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাথাইল চাপর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম চলতি মৌসুমে প্রায় ১০০ বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। বর্তমানে আলুর গাছের বয়স প্রায় ৩০ দিন। সাধারণত ৮০ থেকে ৯০ দিনের মধ্যে আলু উত্তোলন করা হয়। তিনি প্রতি বিঘায় প্রায় ৪০ হাজার টাকা করে বিনিয়োগ করেছেন। গত বৃহস্পতিবার সকালে শ্রমিক নিয়ে আলুর গাছ বেঁধে দেয়ার জন্য জমিতে গিয়ে তিনি দেখতে পান, তার তিন বিঘা জমির আলুর গাছ সম্পূর্ণভাবে উপড়ে ফেলা হয়েছে।

ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ডিপ টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে একই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মাসুদ রানার সাথে তার দীর্ঘ দিনের বিরোধ চলছিল। স্থানীয়দের কাছ থেকেও তিনি আগেই সতর্কবার্তা পেয়েছিলেন। পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে বলে তার দাবি।

তিনি আরো জানান, তিন বিঘা জমিতে তার বিনিয়োগ ছিল প্রায় দেড় লাখ টাকা। ফলন ভালো হলে আড়াই থেকে তিন লাখ টাকা বিক্রির আশা ছিল। গত বছর আলু চাষে বড় অঙ্কের লোকসানের পর এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে আবার আবাদ করেছিলেন। কিন্তু ফসল ঘরে তোলার আগেই এমন নাশকতায় তিনি হতাশ ও ক্ষুব্ধ।

স্থানীয় কৃষক আজগর আলী ও আব্দুস সালাম বলেন, এ ধরনের ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। আমাদের ফসল নিয়েও এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, খবর পেয়ে সরেজমিনে পরিদর্শনের জন্য লোক পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।