তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি প্রজ্ঞা-আত্মার
Printed Edition
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জাতীয় সংসদে আইন হিসেবে পাস করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা। সংগঠন দু’টির মতে, জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকজনিত মৃত্যু কমাতে সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি আইন হিসেবে পাস হওয়া জরুরি।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠন দু’টি এ দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তামাক ব্যবহারের কারণে বছরে প্রায় দুই লাখ মানুষ মারা যায়। তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি বছরে ৮৭ হাজার কোটি টাকা। তামাক খাত থেকে অর্জিত রাজস্বের চেয়ে এই ক্ষতি দ্বিগুণেরও বেশি। বর্তমানে ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করছেন। এ পরিস্থিতিতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা না হলে জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর তামাকের ক্ষতিকর প্রভাব আরো বাড়তে থাকবে।
সংবাদ সম্মেলনে দৈনিক জনকণ্ঠের চিফ রিপোর্টার কাওসার রহমান, ডেইলি টাইমস অব বাংলাদেশের হেড অব অনলাইন (বাংলা) মো: মনির হোসেন লিটন, আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন ও কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধি বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।