চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গত শনিবার সকালে চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে আসে। ঈদ উৎসব আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, যা একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অপরিহার্য।’

ভিসি আরো যোগ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার কেবল জ্ঞানচর্চায় নয়, বরং নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক ম আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নামাজ শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্যের বাসভবনে (ভিসি বাংলো) বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ভিসি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে চাকসু কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের প্রীতিভোজের আয়োজন করা হয়, যা উপাচার্য নিজেই পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।