গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
তীব্র গ্যাস সঙ্কটে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে রাজধানীর শনিরআখড়া রায়েরবাগের বাসিন্দারা। গতকাল রোববার দুপুরে শত শত নারী পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তারা বলছেন, দীর্ঘ দিন ধরে গ্যাস নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। এর মধ্যে গত সাত দিন এসব এলাকার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে। যার কারণে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাত দিন গ্যাস না থাকায় রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় বারবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। যার কারণে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা আন্দোলন আরো জোরদার করবেন।
বিক্ষোভকারীরা বলেন, কী কারণে গ্যাস সরবরাহ কম হচ্ছে তার সঠিক উত্তর কেউ দিচ্ছে না। বিগত সময়ে লাইন মেরামত হলে আগে ঘোষণা গ্যাস সরবরাহ কমিয়ে দিত বা বন্ধ করত। পরে আবার স্বাভাবিক হয়ে যেত। কিন্তু এখন কেন গ্যাস নিয়ে এতটা ঝামেলায় পড়তে হচ্ছে। এই ঝামেলা কতদিন থাকবে তার কোনো উত্তর সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না।