আমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা হবে না : আমিরাত

Printed Edition

টিআরটি ওয়ার্ল্ড

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। জেনেভায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জামাল আল মুশারখ সোমবার সাফ জানিয়েছেন, আমিরাতি ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা চালানো হবে না।

জেনেভায় জাতিসঙ্ঘ সংবাদদাতা সমিতির (এসিএএনইউ) সাথে আলাপকালে মুশারখ বলেন, আমরা বর্তমান পরিস্থিতির শুরু থেকেই অত্যন্ত স্পষ্ট ছিলাম যে, সংযুক্ত আরব আমিরাত তার ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না এবং এ ধরনের সঙ্ঘাতের সাথে আমরা জড়িত হবো না। আমাদের ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য ব্যবহৃত হচ্ছে না।

রাষ্ট্রদূত মুশারখ অভিযোগ করেন, যুদ্ধে পক্ষ না হওয়া সত্ত্বেও আরব আমিরাতকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি জানান, সঙ্ঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির ওপর এক হাজার ৪০০টিরও বেশি হামলা চালানো হয়েছে। এর মধ্যে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। এগুলোর বেশির ভাগ আমিরাতের সশস্ত্রবাহিনী রুখে দিতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, বেসামরিক অবকাঠামো যেমন পানি শোধন কেন্দ্র এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে এই উসকানিমূলক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুর্ভাগ্যবশত এসব হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১১৪ জন সামান্য আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই আলোচনার টেবিলে ফেরার এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে। গত ২৬ ফেব্রুয়ারি জেনেভায় ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এর দুই দিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রথম দফায় হামলা শুরু করে, যা পরবর্তীতে পুরোদস্তুর যুদ্ধে রূপ নেয়।