ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে : শিক্ষামন্ত্রী
Printed Edition
যশোর অফিস
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নিজেরা বাহবা নিতে পরীক্ষার হলে ঢুকলেই তাদের পাস করিয়ে দিয়েছে। এ কারণে শিক্ষার গুণগত মান শেষ হয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনার চেষ্টা করছে। গতকাল যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা-৪ আসনের এমপি জি এম নজরুল ইসলাম, যশোর-৬ আসনের অধ্যাপক মোক্তার আলী, যশোর-৫ আসনের অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনের মতিউর রহমান, বাগেরহাট-৪ আসনের আব্দুল আলিম ও নড়াইল-২ আসনের আতাউর রহমান বাচ্চু।
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নূরুল হক ও কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন সভায় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে হবে। এ জন্য আগে ঠিক হতে হবে শিক্ষকদের। কেউ আদেশের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।