সুধারামের গণধর্ষণ মামলার দুই সন্দেহভাজন চট্টগ্রামে গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

নোয়াখালীর সুধারাম মডেল থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার সন্দেহভাজন পলাতক আসামি মো: সালাহ উদ্দিন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে চট্টগ্রামস্থ র‌্যাব-৭। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এ আর এম মোজাফ্ফর হোসেন গতকাল শুক্রবার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম থানার মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি মো: সালাহ উদ্দিন চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় অবস্থান করার তথ্য মিলে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: সালাহ উদ্দিন (৫০), বাবা মো: তোফায়েল আহমদ, রামপুর, লক্ষ্মীপুর সদরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামি মো: সালাহ উদ্দিনের দেয়া তথ্য মতে অপর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে মহানগরীর কোতোয়ালি থানাধীন কাজীর দেউরী এলাকায় অভিযান চালিয়ে মামলার অপর সন্ধিগ্ধ পলাতক আসামি মো: নুরনবী (২৮), বাবা মুনছুর আহাং, মধ্যবাগ্যা, সুধারাম, নোয়াখালীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদেরকে নোয়াখালী জেলার সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।