ইনকিলাব মঞ্চ

চট্টগ্রাম-রংপুরে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে অবস্থান

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে চট্টগ্রাম ও রংপুরে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল শনিবার বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।

তারা আরো বলেন, ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেফতার করতে না পারা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। বক্তারা বলেন, শহীদ হাদির আদর্শ দলীয় নয়, এটি স্বাধীনতার বোধ ও আত্মমর্যাদার বহিঃপ্রকাশ। আধিপত্যবাদ বিরোধী, এই সংগ্রাম থেমে থাকার নয় মন্তব্য করে বলেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই।

এ সময় বক্তব্য রাখেন- তৌসিফ ইমরোজ, এস এম শহিদ, আল মামুনসহ ইনকিলাব মঞ্চের নেতারা।

রংপুর ব্যুরো জানান, জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির হত্যাকারী, পরিকল্পনাকারী এবং কুশিলবদের গ্রেফতার করে এক মাসের মধ্যে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চ।

গতকাল বেরোবির শহীদ আবু সাঈদ গেটের সোমনে অবস্থান নিয়ে মঞ্চের নেতারা এই ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চ, বেরোবি জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; হাদিভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হবো; যুগে যুগে লড়ে যাবো, তুমি কে আমি কে, হাদি হাদিসহ নানা সেøাগান দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- ইনকিলাব মঞ্চ বেরোবির আহ্বায়ক জাহিদ হাসান জয়, জাতীয় ছাত্র শক্তির মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান রহমত আলী, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

এ সময় নেতারা অভিযোগ করেন, গত ১৫ দিনেও হাদি হত্যার কোনো কুল কিনারা করতে পারেনি অন্তর্বর্তী সরকার । এ বিষয়ে স্পষ্ট সুরাহা না করা পর্যন্ত ছাত্র-জনতা মাঠে থাকবে। প্রয়োজনে সারা বাংলাদেশ থেকে গিয়ে যমুনা ঘেরাও করা হবে। এ ছাড়াও নগরীর লালবাগে আধিপকত্যবাদ বিরোধী মঞ্চের উদ্যোগে একই দাবিতে মানববন্ধন করা হয়।