মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রবাহী বি-৫২
Printed Edition
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরকে সামনে রেখে ইন্দো-প্যাসিফিকের একটি ঘাঁটিতে বি-৫২ পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করা হচ্ছে। সোমবার মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইয়েমেনে মার্কিন বোমা হামলা এবং ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পেন্টাগন মার্চ মাসে ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি মার্কিন-ব্রিটিশ সামরিক ঘঁাঁটিতে ছয়টি বি-২ বোমারু বিমান মোতায়েন করে।
বিশেষজ্ঞরা বলছেন, স্টিলথ প্রযুক্তিবিশিষ্ট বি-২ বিমান সবচেয়ে ভারী মার্কিন বোমা এবং পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, মধ্যপ্রাচ্যে অভিযান চালানোর মতো অবস্থানে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, বি-২ বোমারু বিমানের পরিবর্তে বি-৫২ বোমারু বিমান ব্যবহার করা হচ্ছে। নীতিগত বিষয় হিসেবে বল প্রয়োগের অবস্থান পরিবর্তনের বিষয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনের জন্য ইরান ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন আলোচনা রোববার ওমানে শেষ হয়েছে। আগামীতে আরো কয়েক দফা আলোচনার পরিকল্পনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।