নতুনদের নিয়েই আগ্রাসী চিন্তা আফ্রিদির
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। স্কোয়াডের ৬ জন ক্রিকেটারই আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। প্রথম ম্যাচেই তিন জনের অভিষেক হতে পারে, এমনটাই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ‘আগামীকাল (আজ) সম্ভবত তিনটি অভিষেক হতে যাচ্ছে। সাহেবজাদা আমাদের টপ পারফর্মার, টি-২০ এবং ওয়ানডে দুই ফরম্যাটে এবং লিস্ট এ ক্রিকেটেও সে পাকিস্তানের হয়ে ভালো করেছে। হাসিবুল্লাহ ওপেন করবে এবং শামিল হোসেন ওয়ান ডাউনে খেলবে।’
আফ্রিদি দাবি করছেন, বাবরকে বাদ নয়, এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেয়ার জন্যই বাবরের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। অধিনায়ক বলেন, ‘এই সিরিজে বাবর আজমকে বাদ দেয়া হয়নি। আমরা শুধু তরুণদের সুযোগ দিতে চেয়েছি, তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগ দিতে চাই। যখন সময় আসবে তারা তাদের ভূমিকা এবং ভবিষ্যতে বিশ্বকাপের জন্য কী পরিকল্পনা আছে তা জানবে। আমি শুধু এটুকুই জানি বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে হবে। তরুণদের জন্য এটি দক্ষতা দেখানোর সুযোগ।’
একাদশে তরুণদের সুযোগ দেয়া নিয়ে আফ্রিদি বলেন, ‘এক ম্যাচে তো আর ১৫ জন খেলতে পারে না। আমি খুশি হতাম যদি ১৫ জনই খেলতে পারত। তবে দলের প্রয়োজন এবং পিচের কন্ডিশন অনুযায়ী সেরা ১১ জন মাঠে নামবে। তারা জানবে তাদের কি করতে হবে। আশা করছি তারা দেখে-শুনে-বুঝে আগ্রাসী হবে। এলাম খেললাম গেলাম এমনটি যেন না হয়, আমি চাই ম্যাচটা উপভোগ করুক, পাশাপাশি আগ্রাসী হোক, যাতে প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে পারে।’
রিশাদকে নিয়ে কি ভিন্ন পরিকল্পনা
পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি পিএসএলে লাহোর কালান্দার্সেরও অধিনায়ক। সেই দলেই খেলেছিলেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। সর্বশেষ আসরে পিএসএলে চ্যাম্পিয়নও হয়েছিল লাহোর। রিশাদের সাথে একই দলে খেলায় তার সম্পর্কে ভালোই জানা আছে আফ্রিদির। রিশাদের লেগ স্পিন আর গুগলি সামলানোর টোটকা কি দিচ্ছেন সতীর্থদের?
প্রশ্নটির জবাবে কৌশলি উত্তরই দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ‘আমার মনে হয় ব্যাটাররা রিশাদকে ভালোভাবেই চেনে। তাদের সাথে টি-২০ খেলেছে, সাথে পিএসএলেও খেলেছে। আশা করি অত বেশি সমস্যা হবে না ব্যাটারদের জন্য। তারা নিজেদের খেলাটা পরিস্থিতি অনুযায়ী খেললেই চলবে।’
এছাড়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজদের ৫০ ওভার স্পিন করানো নিয়ে শাহীন বলেছেন, ‘এবার এমনটা ঘটবে না। পাকিস্তান দল ফাস্ট বোলারদের জন্য বিখ্যাত। আমি অবশ্যই ফাস্ট বোলিংয়ের সাহায্য নেব এবং নিশ্চিত করব যেন ফাস্ট বোলাররা উইকেট নেয়, সাথে স্পিনাররাও দলে অবদান রাখে।’