২০০ মিটারে গাউটের বিশ্বরেকর্ড

১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার উদীয়মান স্প্রিন্ট তারকা গাউট গাউট দুর্দান্ত পারফরম্যান্সে ২০০ মিটার দৌড়ে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে বিশ্বরেকর্ড গড়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। গতকাল সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান অ্যাথালেটিকস চ্যাম্পিয়নশিপে তিনি ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন, যা শুধু রেকর্ডই নয়, একই তাকে বয়সে কিংবদন্তি উসাইন বোল্টের চেয়েও দ্রুত করে তুলেছে। গাউটের বয়সে বোল্টের সেরা টাইমিং ছিল১৯.৯৩।

১৮ বছর বয়সী গাউট এই দৌড়ে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে বৈধ ২০ সেকেন্ডের নিচে নামার কীর্তি গড়েন। একই সাথে তিনি ভেঙে দেন মার্কিন তরুণ স্প্রিন্টার এরিয়ন নাইটনের গড়া আগের অনূর্ধ্ব-২০ বিশ্বরেকর্ড।

দৌড় শেষে উচ্ছ্বসিত গাউট বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। নিজের ওপর বিশ্বাস ছিল, আর সেটাই আজ প্রমাণ করতে পেরেছি।’ তিনি আরো জানান, গত এক সপ্তাহ ধরে নিজের লক্ষ্য হিসেবে ১৯.৭৫ সেকেন্ড কল্পনা করছিলেন, শেষ পর্যন্ত সেটিকেও ছাড়িয়ে যান। আরেক অস্ট্রেলিয়ান আইডান মারফি ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এক দৌড়েই দুই অস্ট্রেলিয়ানের ২০ সেকেন্ডের নিচে নামা দেশের অ্যাথলেটিক্সে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

গাউটের এই সাফল্য তার ধারাবাহিক উন্নতিরই ফল। ২০২৪ সালে স্কুলপর্যায়ে ২০.০৪ সেকেন্ড দৌড়ে প্রথম আলোচনায় আসেন তিনি, যা ভেঙে দেয় পিটার নরমানের দীর্ঘদিনের জাতীয় রেকর্ড। এর পর ধীরে ধীরে নিজের সময় উন্নত করে এবারই প্রথম বৈধভাবে ২০ সেকেন্ডের নিচে নামলেন।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় তার বড় প্রতিদ্বন্দ্বী লালচান কেনেডি ইনজুরি ঝুঁকি এড়াতে ২০০ মিটার থেকে সরে দাড়ান। তবে তিনি আগের দিন ১০০ মিটার দৌড়ে ৯.৯৬ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জিতেছিলেন।

দক্ষিণ সুদানি বংশোদ্ভূত গাউট গাউট ইতোমধ্যেই তার দৌড়ের স্টাইল ও গতির জন্য বিশ্বজুড়ে নজর কাড়ছেন। অনেকেই তাকে নতুন যুগের সম্ভাব্য স্প্রিন্ট কিং হিসেবে দেখছেন, যার যাত্রা কেবল শুরু।