সালাহর গোলে নকআউটে মিসর
Printed Edition
ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে জয়সূচক গোলের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মিসরকে জয় এনে দিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। এ জয়ে আফ্রিকান নেশনস কাপে নকআউট পর্বে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে মিসর। গত পরশু মরক্কোর আগাদিরে গ্রুপ ‘বি’র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়েছে সাতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক মোহামেদ সালাহ। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দৃঢ়তা দেখিয়ে জয় ধরে রাখে ফারাওরা। এ দিকে অ্যাঙ্গোলা ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে এবং জাম্বিয়া ও কমোরোসের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করেছে মালি।
ম্যাচের ৪৫ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন সালাহ। দক্ষিণ আফ্রিকার ডানব্যাক খুলিসো মুদাউয়ের হাত সালাহর চোখে লাগলে রেফারি ভিডিও রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন। লিভারপুল তারকা গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে সহজেই ফাঁকি দিয়ে গোল করেন। এর আগে সালাহ লিভারপুলে টানা পাঁচ ম্যাচ না খেলায় আলোচনায় ছিলেন এবং কোচ আর্নে সøটের সাথে তার অসন্তোষের খবরও শিরোনাম হয়।
অন্য দিকে গ্রুপ ‘এ’তে স্বাগতিক মরক্কোর টানা ১৯ ম্যাচের বিশ্বরেকর্ড জয়ের ধারার অবসান ঘটিয়েছে মালি। রাবাতে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচে দু’টি গোলই আসে পেনাল্টি থেকে এবং ক্যামেরুনের রেফারি দু’টিতেই ভিএআর দেখে সিদ্ধান্ত দেন। মরক্কোর ব্রাহিম দিয়াজ ও মালির লাসিনে সিনায়োকো গোল করেন।