মুক্তাগাছায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের মুক্তাগাছায় বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে মো: সিয়াম (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার পদুরবাড়ী মাঠে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আবদুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদুরবাড়ী হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে বন্ধুদের সাথে মেলায় যায় সিয়াম। মেলা চলাকালে বন্ধুদের দুই পক্ষের মধ্যে সামান্য কথা কাটাকাটি থেকে হাতাহাতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা হয়ে গেলেও কিছুক্ষণ পর সিয়ামকে মেলার এক পাশে একা পেয়ে প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে রামনাথ বাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো: নাজমুল (৩৫) এবং ১৩ বছর বয়সী এক কিশোরকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দুই এলাকার তরুণদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।