খুলনায় কাব্য ক্যানভাসে অনুভব শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত

Printed Edition
3rd-3
সাহিত্যিক সংগঠন আবৃত্তি ইশকুল আয়োজিত ‘কাব্য ক্যানভাসে অনুভব’ শীর্ষক দিনব্যাপী কবিতা, অনুগল্প ও মোড়ক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা ব্যুরো

খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে গতকাল শুক্রবার ‘কাব্য ক্যানভাসে অনুভব’ শীর্ষক দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনার কবি-সাহিত্যিকদের রচিত কবিতা, অণুগল্প ও প্রকাশিত বইয়ের মোড়ক প্রদর্শনীতে স্থান পায়। অতীত এবং বর্তমান কবি-সাহিত্যিকদের মধ্যে মেলবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে সাহিত্যিক সংগঠন আবৃত্তি ইশ্কুল এ প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক জনাব মঞ্জু বলেন, সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। কবি-সাহিত্যিকগণ তাদের সাহিত্য দিয়েই বিপ্লব সৃষ্টি করতেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং যে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করেছি সেখানেও সাহিত্য সংস্কৃতির রয়েছে অনবদ্য অবদান। বর্তমানে সাহিত্য-সংস্কৃতি চর্চা সঙ্কটের মধ্য দিয়ে পার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতাকে তুলে ধরে এ অঙ্গনকে অগ্রসর করার পরিবেশ তৈরি করতে হবে। তবেই এ সঙ্কট কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি এ ধরনের আয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সম্ভব সব রকম সহযোগিতার আশ^াস দেন। সংগঠনের সভাপতি আফরোজ জাহান চৌধুরী কলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, সংগঠনের উপদেষ্টা নাছিমা সুলতানা নিলু ও জেলা কালচারার অফিসার মো: রফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালমানুল মেহেদি মুকুট।