ইরাকে বিমান হামলায় ১৫ জন নিহত
Printed Edition
রয়টার্স
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য সূত্র রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় নিহতদের মধ্যে পিএমএফের আনবার অপারেশন কমান্ডার সাদ আল-বাইজিও রয়েছেন।
এক বিবৃতিতে পিএমএফ তাদের কমান্ডার সাদ আল-বাইজি ও তার ১৪ সঙ্গীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। গোষ্ঠীটি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় একটি কমান্ড সদর দফতর লক্ষ্য করে মার্কিন বিমান হামলাটি চালানো হয়। স্বাস্থ্য সূত্রগুলো জানিয়েছে, হামলায় আরো ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
শীর্ষ কমান্ডারদের উপস্থিতিতে একটি নিরাপত্তা বৈঠক চলাকালীন ওই সদর দফতরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে সূত্রগুলো যোগ করেছে। পিএমএফ বা ‘হাশদ আল-শাবি’ হলো মূলত শিয়া সশস্ত্র উপদলগুলোর একটি জোট, যা ইরাকি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এই বাহিনীভুক্ত উপদলগুলোর মধ্যে ইরানের সাথে মিত্রতা থাকা বেশ কিছু গোষ্ঠী রয়েছে।