সিস্টেম না পাল্টালে দেশ বদলাবে না : রিজওয়ানা

Printed Edition
back-3
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিজেসির ৬ষ্ঠ সম্প্রচার সম্মেলনে সম্প্রচার সাংবাদিকতার নীতিনৈতিকতা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিস্টেমের আমূল পরিবর্তন ছাড়া শুধু লোক বদলে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন সম্ভব নয়। গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণমাধ্যমের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা আগুন লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা আমাদের সবার অভিন্ন প্রতিপক্ষ। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস করা চলবে না। বর্তমানে প্রতিটি মানুষের ওপর কোনো না কোনো রাজনৈতিক ট্যাগ বসিয়ে দেয়ার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে।

কারো রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু পেশাগত দায়িত্ব পালনের সময় তার প্রতিফলন ঘটানো যাবে না। গণতন্ত্র ও গণমাধ্যমকে একে অপরের পরিপূরক যারাই ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, সহিংসতার মাধ্যমে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়।

সাম্প্রতিক সময়ে ডেইলি স্টার ভবনে অগ্নিকাণ্ডের সময় আটকে পড়া ২৮ জন সংবাদকর্মীকে উদ্ধারের রুদ্ধশ্বাস পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য ছিল সবাইকে নিরাপদে বের করে আনা। প্রো-অ্যাকটিভ না হওয়ায় গণমাধ্যমের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সরকার হিসেবে আমরা সেই বেদনা গভীরভাবে অনুভব করছি।

পুরো ভেঙে পড়া একটি প্রশাসনিক সিস্টেম নিয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের শুরু থেকেই ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সঙ্কট মোকাবেলায় বড় ভূমিকা পালন করতে হচ্ছে। নিজের বাসার সামনে ককটেল বিস্ফোরণের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ কমন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হলে আমাদের একে অপরকে প্রতিপক্ষ ভাবলে চলবে না। সিস্টেম সংস্কারে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই।