বাউফলে বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশত নেতাকর্মীর জামায়াতে যোগদান

Printed Edition

পটুয়াখালীর বাউফলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

গতকাল উপজেলার বাংলাবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং জামায়াতের লোগো সম্বলিত মাফলার উপহার দিয়ে দলে স্বাগত জানান।

এ সময় বাউফল উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন মুন্সীর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জামায়াত সব সময় আপসহীন ভূমিকা রেখে আসছে। তিনি আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান মিয়া, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: রাসেলসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি।