শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৩

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ছিটকে পড়া আগুনে একটি দোকান পুড়ে গেছে। এ সময় অন্তত তিনজন দগ্ধ হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান। উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাওনা চৌরাস্তায় আ. সাহিদ সুপার ভিউ মার্কেটের সামনে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর আগুন ছিটকে ভবনের বিভিন্ন স্থানে পড়ে। এতে ভবনের ছয়তলার বারান্দায় রাখা কাপড় এবং নিচে ফুটপাতে একটি ঘড়ি ও চশমার দোকানে আগুন ধরে যায়।

সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭) নামে তিনজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাওনার আল হেরা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।