সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১ অস্ত্রসহ আটক ২ জন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা এলাকায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সাথে বাংলাদেশ কোস্টগার্ডের বন্ধুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তার নাম শওকত সরদার। এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীপ্রধান রবিউল ইসলাম ও ইসরাফিল হাওলাদারকে আটক করা হয়েছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, একটি মোবাইল ও একটি হাতঘড়ি জব্দ করা হয়।

গতকাল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং বনজীবী, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নেতৃতে অপারেশন ম্যানগ্রোভ শিল্ডসহ দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে অবস্থান করছে। যার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন থেকে টানা দুই দিনব্যাপী বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা এবং স্টেশন নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দস্যুদের বহনকারী দু’টি বোট শনাক্ত করে কোস্টগার্ড সদস্যরা থামার সঙ্কেত দেয়। কিন্তু সঙ্কেত অমান্য করে উল্টো বোটে থাকা ডাকাতদল কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো শুরু করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও ডাকাতদের বোট লক্ষ্য করে গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতদের একটি বোটে আগুন ধরে যায় এবং অপর বোটটি ডুবে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম এবং ডাকাত শওকত সরদারকে আটক করা হয়। তাদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। আর প্রাথমিক চিকিৎসা শেষে বাহিনীপ্রধান রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো বলেন, অভিযানের সময় পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে অভিযান অব্যাহত রাখা হয়। এরই অংশ হিসেবে মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে স্থানীয়দের ডাকাত ইসরাফিল হাওলাদারকে হাতে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত শওকত সরদার (৫৫) ও আটক ডাকাত রবিউল ইসলাম (৫০) খুলনা জেলার কয়রা থানার এবং ইসরাফিল হাওলাদার (২৬) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি জড়িত ডাকাত দলের অপর সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।