আইনি পথে আ’লীগের বিচারের সিদ্ধান্ত সঠিক বলেছে বিএনপি
নির্বাচন নিয়ে কৌশল করলে সরকার বিব্রত হতে পারে
Printed Edition
আইন সংশোধন করে ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে সঠিক বলেছে বিএনপি। গতকাল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে দলের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী সরকারের সাথে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত এবং বিচারকাজ নির্বিঘœ করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সাথে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘ দিন অপশাসন চালনাকারী, ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি।
মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার বিষয়টি সতর্কতার সাথে মনে রাখবে বলে আমরা আশা করি।
ফ্যাসিবাদী সরকার ও তাদের দোসরদের বিচারের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বিগত সময়গুলোতে সাক্ষাতের প্রসঙ্গ টেনে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে দেয়া পত্রে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিলাম। ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেয়া পত্রে আমরা পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সাথে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছি। আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে, আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। বিভিন্ন সভা, সমাবেশে ও আলোচনায় আমরা আমাদের এসব দাবি বারবার উত্থাপন করেছি।
মির্জা ফখরুল বিবৃতিতে উল্লেখ করেন, আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বলেই বিগত ফ্যাসিবাদী সরকার পতনের আগ মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলাম।
বিবৃতিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ তাদের ভোটাধিকার তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতনের জন্য গুম, খুন, জেল, জুলুম সহ্য করেও অব্যাহত লড়াই করেছে। তাদের সেই দাবি এখনো অর্জিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভোর সৃষ্টি হচ্ছে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
আ’লীগ নিজেরাই নিজেদের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে : সালাহউদ্দিন
এ দিকে গতকাল সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে ‘সাংবিধানিক সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক সংলাপে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ নিজেরাই নিজেদের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে। তিনি বলেন, সন্ত্রাস দমন আইনে সংশোধনী এনে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের (আওয়ামী লীগ) রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে স্বীকৃতি কি এখন পৃথিবী দেয়? দেশের মানুষ দেয়? আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘ দিন ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের ওপরে এবং তারা অত্যাচার-নিপীড়ন-নির্যাতন-গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে, নিজেদের রাজনীতির মৃত্যু ঘটিয়েছে।
তিনি বলেন, এটা একটা মাফিয়া পার্টি, মাফিয়া শক্তি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা তাদের দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। রাজনীতি চর্চা হবে কিভাবে?
কেন শাহবাগে যাবো?
আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে বিএনপির না যাওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপি শাহবাগে কেন যাবে? আমাদের দাবি প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছে, মৌখিকভাবে বলেছি, আমরা বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি।
নির্বাচন নিয়ে কৌশল করা হলে সরকার বিব্রত হতে পারে : নির্বাচনের রোডম্যাপ বিলম্ব হলে কী হতে পারে- এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, ‘আমি আশঙ্কা করছি যদি গণতান্ত্রিক যাত্রাপথে, গণতান্ত্রিক উত্তরণের পথপরিক্রমায় যদি দীর্ঘায়িত পদক্ষেপ নেয়া হয়, কৌশল অবলম্বন করা হয় সরকারক হয়তো সামনে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারে। ’