সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড
মাগুরায় ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী রাজিয়া খাতুনকে (১৫) ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় হাসান শেখ (২৮) নামের এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বেলা ১১টায় মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে হাসান শেখ আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীকোল গ্রামে কুমার নদের তীরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশঝাড় থেকে রাজিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই চূড়ান্ত রায় দেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাজিয়ার মা ছবিরন নেছা অবিলম্বে এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। মাগুরা প্রতিনিধি।
পেট্রল পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন
আন্তর্জাতিক বাজারের অস্থিরতার গুজবে কুষ্টিয়া শহরের বিভিন্ন পেট্রল পাম্পে হঠাৎ করেই মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। গত রোববার রাতে শহরের একাধিক পাম্পে তেল সংগ্রহের জন্য এই লঙ্কাকাণ্ড ঘটে। জানা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উত্তেজনার খবরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় চালকরা আগে ভাগে ট্যাংক পূর্ণ করার চেষ্টা করেন। এতে শহরের মজমপুর গেটের মোজাফফর ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে অস্বাভাবিক চাপ সৃষ্টি হয় এবং কিছু পাম্পে সাময়িক সঙ্কট দেখা দেয়। কুষ্টিয়া জেলা পেট্রল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এন এম আব্দুল হাই তপু জানান, কোনো এক অজ্ঞাত গুজবের কারণে হুট করে এই ভিড় তৈরি হয়েছিল। তবে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট নেই এবং সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সোমবার সকালে শহর ও শহরতলীর পাম্পগুলোর পরিস্থিতি আবার পুরোপুরি স্বাভাবিক দেখা গেছে। কুষ্টিয়া প্রতিনিধি।
নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আছরের নামাজ আদায়রত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গত রোববার পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত তারা মিয়া (৬৫) পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি পূর্বপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। জানা যায়, প্রতিদিনের মতো তিনি জামাতের সাথে আছরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালে হঠাৎ তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তারা মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মসজিদের মুয়াজ্জিন হাফেজ জুনায়েদ আহমেদ বলেন, তারা মিয়া অত্যন্ত ভালো মানুষ ও নিয়মিত মুসল্লি ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
সাংবাদিককে হত্যার হুমকি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যালয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি শামছুল হককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। চরকাটিহারী ডুবি পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে মুঠোফোনে কল করে প্রায় আড়াই মিনিট ধরে সাংবাদিক শামছুলকে দেখে নেয়াসহ নানা ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক শামছুল হক জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সংবাদটি প্রকাশ করা হয়েছিল। এভাবে হুমকি দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। তিনি এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। হোসেনপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন জানান, সংবাদে কোনো আপত্তি থাকলে সংশোধনের আইনি পথ খোলা ছিল, কিন্তু হুমকি দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
নেত্রকোনার মদন উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের (ফ্রিপ) আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। ইউএনও নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম আকন্দ, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, থানার ওসি সালাউদ্দিন করিমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও আধুনিক কৃষিযন্ত্রের বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। মদন (নেত্রকোনা) সংবাদদাতা।
শুমারির তথ্য সংগ্রহকারী পরীক্ষা
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়নের মোট ১৮টি তথ্য সংগ্রহকারী পদের বিপরীতে ৪৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ৩৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং চূড়ান্তভাবে ১৮ জন উত্তীর্ণ হন। নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন নৌযান শুমারি কমিটির সভাপতি ও দশমিনা ইউএনও মাহামুদ হাসান মৃধা এবং সদস্যসচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হকসহ অন্যান্য কর্মকর্তারা। শুমারির সদস্যসচিব মনিরুল হক জানান, কোনো ধরনের তদবির ছাড়া সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হওয়ায় পরীক্ষার্থী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।
ইয়াবাসহ মাদককারবারি আটক
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অভিযান চালিয়ে ইয়াবাসহ খালেদ হাসান মিলন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার নেকমরদ এলাকার পারকুন্ডা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। জানা গেছে, রানীশংকৈল থানা পুলিশের একটি বিশেষ দল নেকমরদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পারকুন্ডা এলাকায় সন্দেহভাজন হিসেবে মিলনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে সাতটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, আটক মিলন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার কারণে স্থানীয় যুবসমাজ বিপথগামী হচ্ছিল। রানীশংকৈল থানার ওসি আব্দুল বারী জানান, আটককৃত মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গতকাল আসামিকে আদালতে সোপর্দ করা হয়। রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।
বিএনপি নেতা হত্যা, ছাত্রদল নেতা বহিষ্কার
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগে খোকাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নওশাদ এই বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন। দলীয় ভাবমূর্তি অক্ষুণœ রাখতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে মিঠামইনে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বিএনপি নেতা জাহাঙ্গীর। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এরই মধ্যে একটি ভাড়াটে খুনি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে, যেখানে এই ছাত্রদল নেতার নামও জড়িয়ে পড়ে। ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা।