২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, বেসরকারি তথা হজ অ্যাজেন্সির মাধ্যমে যাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

এই প্যাকেজে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। এক কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকতে পারবেন।

এছাড়া মিনায় জোন-৫–এ তাঁবুর ব্যবস্থা, মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে। হোটেল হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরো জানান, হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে সরকারি ব্যবস্থাপনায়ও দুইটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।