১ উইকেটের নাটকীয় জয় কিউইদের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
১ উইকেটের নাটকীয় জয়। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটি ইতোমধ্যে ৩-১এ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ৪৪.৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করেছিল ক্যারিবীরা। সেই অল্প রানকে পুঁজি করে বোলারদের নৈপুণ্যে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল স্বাগতিক দল। কিন্তু কিউইদের বিপক্ষে ক্যাচ মিসে ম্যাচ হেরে হতাশ হওয়ার পাশাপাশি সিরিজও খুঁইয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ৪৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৯ উইকেটে ১৮৬। ম্যাচ জিততে হলেও ৩ রান প্রয়োজন। হাতে রয়েছে একটিমাত্র উইকেট। বল হাতে এলেন জেডেন সিলস। বলটি ছিল দারুণ এক সেøায়ার। আর ব্যাট হাতে বিভ্রান্ত হয়ে তাতে ক্যাচ তুলে দিলেন মিচেল স্যান্টনার। বল বাতাসে ভেসে রইল বেশ কিছুক্ষণ। কিন্তু ক্যাচ নিতে দুই দিক থেকে ছুটে যাওয়া আকিম অগাস্ট ও জাস্টিন গ্রেভসের লেগে যাওয়া ধাক্কায় ফসকে গেল বল। সেই সাথে ম্যাচও!
ক্যাচটি মুঠোবন্দী হলেই দুই রানে ম্যাচ জিতে যেত ওয়েস্ট ইন্ডিজ। ক্যাচ ছাড়ায় উল্টো রান হলো দু’টি। একটু পরই ম্যাচ শেষ করে দিলেন স্যান্টনার। ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে নিউজিল্যান্ড নিশ্চিত করল সিরিজ জয়। ম্যাচটি জিতে মৃত্যু কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের স্মৃতির প্রতি সম্মান জানানোর ইচ্ছের কথা বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। কিন্তু ছোট পুঁজি নিয়ে দারুণ লড়েও শেষ পর্যন্ত হতাশায় পুড়তে হলো তাদের।