ইরান যুদ্ধে সাহায্য না করে ন্যাটো বোকার মতো ভুল করছে : ট্রাম্প

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ন্যাটো মিত্রদেশগুলোর বেশির ভাগই জানিয়ে দিয়েছে, তারা ইরানে সামরিক অভিযানে জড়িত হতে চায় না। ন্যাটো দেশগুলোর এ পদক্ষেপকে ‘খুবই বোকার মতো ভুল’ সিদ্ধান্ত বলেই মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিসে এক বক্তব্যে ট্রাম্প এমন কথা বলেন।

ইরানে গত ২৮ ফেব্রুয়ারিতে শুরু করা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ তৃতীয় সপ্তাহে পড়েছে। ট্রাম্প বলেন, এই যুদ্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলো সমর্থন দিয়েছে। যদিও তারা এই যুদ্ধে জড়াতে চায়নি। তিনি বলেন, ‘আমি মনে করি ন্যাটো খুবই বোকার মতো ভুল করছে। প্রত্যেকেই আমাদের সাথে একমত হয়েছে। কিন্তু তারা আমাদেরকে সাহায্য করতে চায় না। আমরা মনে করি এটি খুবই বিস্ময়কর।’

অবরুদ্ধ হরমুজ প্রণালী সচল করা এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা বিধানের জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ ও নৌসেনা পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের মিত্র ও ইউরোপের প্রায় সব দেশই সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প মঙ্গলবারেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে ন্যাটোর সমালোচনা করেন এবং ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দেয়ার দাবি করেন। ন্যাটোকে নিয়ে হতাশা প্রকাশ করে ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, যেহেতু আমরা সামরিকভাবে অনেক বড় সাফল্য পেয়েছি, তাই আমাদের আর ন্যাটো দেশগুলোর সহায়তা প্রয়োজন নেই। আমরা তা প্রত্যাশাও করি না। আমাদের কখনো তাদের সহায়তা প্রয়োজন ছিলও না।