কুষ্টিয়ায় ৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল ১ ও ৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলার চারটি আসনে মোট ৩৩টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া-১, ২ ও ৩ নম্বর আসনে বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের বাইরে কোনো বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন জমা পড়েনি।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোট আটটি মনোনয়নপত্র দাখিল হয়। মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং জামায়াত মনোনীত প্রার্থী দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ বেলাল উদ্দীনসহ অন্যরা মনোনয়ন জমা দিয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা মনোনয়ন জমা দিয়েছেন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দাখিল হয়েছে আটটি মনোনয়ন। এই আসনে বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট সাতটি মনোনয়ন দাখিল হয়েছে। এখানে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং জামায়াতের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য আমির হামজা মনোনয়ন ফরম জমা দেন।

সবচেয়ে বেশি মনোনয়ন পড়েছে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে। যেখানে মোট ১০টি মনোনয়ন দাখিল হয়। বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং জামায়াত মনোনীত প্রার্থী কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আবজাল হোসেন। এর পাশাপাশি বিদ্রোহী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক। এই দুই বিদ্রোহী প্রার্থী থাকায় কুষ্টিয়া-৪ আসনে বিএনপির ভেতরকার দ্বন্দ্বই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।