বিশেষ সাক্ষাৎকার : ড. আলী আফজাল
নির্বাচিত হলে রিহ্যাবকে আধুনিক শক্তিশালী ও ব্যবসাবান্ধব করব
Printed Edition
বিশেষ সংবাদদাতা
কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এ প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী ড. আলী আফজাল বলেছেন, তিনি নির্বাচিত হলে রিহ্যাবকে আধুনিক, শক্তিশালী ও প্রকৃত অর্থে ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলবেন।
একজন বরেণ্য কৃষিবিজ্ঞানী, সফল শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা ড. আলী আফজাল। তিনি ৩৩টি পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে গঠিত কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক। দুই দশক ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নেতৃত্বের দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন। আবাসন খাতেও তিনি সক্রিয়; কৃষিবিদ গ্রুপের অধীন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড এবং কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড- উভয়ই রিহ্যাবের সদস্য।
দেশী-বিদেশী নানা ব্যবসায়ী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত এই উদ্যোক্তা আসন্ন রিহ্যাব নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন। নয়া দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি রিহ্যাবের সঙ্কট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রশ্ন : নির্বাচিত হলে আপনি রিহ্যাব সদস্যদের ব্যবসা উন্নয়ন ও সহজীকরণে কী পদক্ষেপ নেবেন?
ড. আলী আফজাল : নির্বাচিত হলে ব্যবসা সহজীকরণই হবে আমার অগ্রাধিকার। এ জন্য- রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ, কর ও ভূমি অফিস, ইউটিলিটি সংস্থা ও ব্যাংকের সাথে সমন্বয় করে অনুমোদন প্রক্রিয়ার জটিলতা কমানো হবে। বিশেষ এলাকা ছাড়া ভবনের উচ্চতার অযৌক্তিক সীমাবদ্ধতা তুলে দেয়ার উদ্যোগ নেয়া হবে। ড্যাপ যুগোপযোগী করে “এক শহর এক নীতি” ভিত্তিক নির্মাণ বিধিমালা প্রণয়নে কাজ করব। আবাসন ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে চাপ সৃষ্টি করব এবং বিকল্প অর্থায়নের উৎস খুঁজব। আর দুর্বল ও নতুন সদস্যদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা নিশ্চিত করা হবে।
প্রশ্ন: সদস্যদের দক্ষতা উন্নয়ন ও সম্পৃক্ততা বাড়াতে আপনার পরিকল্পনা কী?
ড. আলী আফজাল : রিহ্যাবকে এগিয়ে নিতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাই- নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করতে বিশেষ কমিটি গঠন করা হবে। সিনিয়র সদস্যদের সম্মাননা ও নতুন প্রজন্মের জন্য ইনোভেশন প্রতিযোগিতা আয়োজন করা হবে। “রিহ্যাব ইয়াং ক্লাব” গঠন করে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে। “রিহ্যাব ফ্যামিলি ক্লাব” চালু করে সদস্যদের পারস্পরিক সম্পর্ক জোরদার করা হবে। আর বারকোডযুক্ত ডিজিটাল আইডি কার্ড ও মাসিক অনলাইন বুলেটিন চালু করা হবে।
প্রশ্ন : রিহ্যাবের প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে কী করবেন?
ড. আলী আফজাল : আমি দ্রুত রিহ্যাব সেন্টার নির্মাণ শুরু করব এবং অন্তর্বর্তী সময়ে আধুনিক অফিস সুবিধা গড়ে তুলব। প্রশাসনিক কাঠামো আধুনিকায়ন ও “রিহ্যাব সার্ভিস সেল” গঠন করা হবে। সদস্যদের সমস্যা সমাধানে হটলাইন চালু করা হবে। বিভাগভিত্তিক কমিটি গঠন ও চট্টগ্রাম অঞ্চলের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেয়া হবে। দেশ-বিদেশে আবাসন মেলার সংখ্যা ও মান বাড়ানো হবে এবং প্রশিক্ষণ স্কুলকে ধাপে ধাপে একাডেমি এবং পরে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
প্রশ্ন : সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে আপনার উদ্যোগ কী হবে?
ড. আলী আফজাল : আমি প্রবাসী আয়ের মাধ্যমে ফ্ল্যাট ক্রয়ে ডেভেলপারদের জন্য ক্যাশ ইনসেন্টিভের ব্যবস্থার জন্য চেষ্টা করব। বিদেশে মেলায় অংশগ্রহণে সরকারি সহায়তা নিশ্চিত করব। সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সাথে নিয়মিত প্রশিক্ষণ ও সংলাপ আয়োজন করা হবে। রাজউককে প্রকৃত রেগুলেটরি ভূমিকায় ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়া হবে। আর বিভাগীয় শহরগুলোতে যৌথ উদ্যোগে পরিকল্পিত আবাসন সম্প্রসারণে কাজ করা হবে।
প্রশ্ন : রিহ্যাবের ইমেজ সঙ্কট কাটাতে আপনার পরিকল্পনা কী?
ড. আলী আফজাল : আমি নির্বাচিত হলে রিহ্যাবকে এফবিসিসিআই-এর শীর্ষ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করব। আন্তর্জাতিক রিয়েল এস্টেট সংস্থাগুলোর সাথে সংযোগ বাড়ানো হবে। পরিবেশবান্ধব ও ভূমিকম্প সহনশীল নির্মাণ প্রযুক্তির জন্য গবেষণা সেল গঠন করা হবে। শ্রমিক, প্রকৌশলী ও সুপারভাইজারদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা নেয়া হবে। আর আবাসন খাতের নেতিবাচক ধারণা দূর করে এটিকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে তুলে ধরা হবে।
শেষ কথা হিসেবে ড. আলী আফজাল বলেন, “সততা, দক্ষতা, জবাবদিহিতা ও উন্নয়নের ভিত্তিতে রিহ্যাবকে একটি আধুনিক, শক্তিশালী ও প্রকৃত অর্থে সদস্য ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের অঙ্গীকার।”