সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

Printed Edition
3rd-1
সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো ও দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

গতকাল সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কর্মসূচি শুরু হওয়া প্রমাণ করে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে কার্ড ইস্যু করা হবে এবং তাদের কাছে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা সরাসরি পৌঁছে দেয়া হবে। উপকারভোগীরা বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ পাবেন। এর মাধ্যমে পরিবারিক ভিত্তি আরো শক্তিশালী হবে এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

মন্ত্রী বলেন, সংসারের প্রয়োজনীয় খরচ সম্পর্কে নারীরাই সবচেয়ে ভালোভাবে জানেন। তাই আর্থিক সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দিলে তা পরিবার পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং সঞ্চয়ের সুযোগও বাড়বে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো দেশের সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে এবং বর্তমান মেয়াদের মধ্যেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে যাতে দেশের সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়তে সরকার সারা দেশে খাল খনন কর্মসূচি নিয়েছে। বিশেষ করে সিলেট বিভাগে সেচ সুবিধার অভাব এবং পানি নিষ্কাশন সমস্যার কারণে কৃষি উৎপাদন তুলনামূলকভাবে কম। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হলে এ অঞ্চলের জমি থেকেও অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ কৃষিজীবী পরিবারগুলো অতিরিক্ত আয়ের সুযোগ পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্থানীয় এমপি নাসির চৌধুরী, কলিম উদ্দিন আহমেদ, কয়সর আহমদ এবং কামরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: শহিদুল ইসলাম।

এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার মো: জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।