বিশ্বকাপ ফুটবলের বছর ২০২৬
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়াঙ্গন থেকে আরো একটি বছরের সমাপ্তি হলো। শুরু হয়ে গেল ক্রীড়াঙ্গনের জন্য একটি বিশাল বছর ২০২৬ সাল। যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ ও এশিয়ান গেমসের মতো বড় আসরগুলো বছরের মাঝামাঝি থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত চলবে। টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। এ ছাড়া রয়েছে রাগবি বিশ্বকাপ ও বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের মতো বড় বড় টুর্নামেন্ট। আছে ইতালিতে শীতকালীন অলিম্পিকসহ একাধিক বড় ইভেন্ট। সব মিলে ভক্ত-সমর্থকদের জন্য রোমাঞ্চকর হতে চলেছে বছরটি।
ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ইভেন্টগুলোর মধ্যে রয়েছে মেগা আসর ফুটবল বিশ্বকাপ। ক্রিকেট টুর্নামেন্টগুলো দিয়ে বছর শুরু হলেও ফিফা বিশ্বকাপ ও এশিয়ান গেমসই হবে বছরের বড় আকর্ষণ। জুন-জুলাইয়ে বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা। এই প্রথমবারের মতো ৩২ দল থেকে বর্ধিত পরিসরে ৪৮ দল নিয়ে হবে এই আসর। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে এটিই প্রধান।
ক্রীড়াঙ্গনে বড় ইভেন্টের মধ্যে টেনিস দিয়ে শুরু হবে ২০২৬ সালটি। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হয়। সে হিসেবে ১২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সময় অস্ট্রেলিয় ওপেনের। এর মধ্যেই শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। আসরটির যৌথ আয়োজিক জিম্বাবুয়ে ও নামিবিয়া। এটি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ষোড়শ সংস্করণ। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের টি-২০ বিশ্বকাপও শুরু হবে ফেব্রুয়ারিতে; যা ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ মার্চ। ইতোমধ্যেই টি-২০ বিশ্বকাপে গ্রুপিং ও সূচি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টে ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ১ থেকে ২১ মার্চ পর্যন্ত নারীদের এএফসি চ্যাম্পিয়নশিপ কাপ; যাতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশও। ১২ দলের আসরে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। মার্চের শেষ সপ্তাহে হওয়ার কথা ফিনালিসিমার ফাইনাল। রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসরের ১৯তম সংস্করণটি ১০টি দল নিয়ে ৮৪টি ম্যাচের মধ্য দিয়ে ২৬ মার্চ শুরু হয়ে ৩১ মে শেষ হওয়ার কথা রয়েছে। টেনিস ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। রয়েছে ২০ মে ইউরোপা লিগের ফাইনাল আর ২৭ মে কনফারেন্স লিগের।
এরপর চার বছর ধরে যে ইভেন্টের জন্য অপেক্ষা, সেই ফুটবল বিশ্বকাপ। ফুটবলের মেগা আসর বিশ্বকাপ শুরু হবে ১২ জুন। ফিফা ২৩তম বিশ্বকাপের পর্দা নামবে ১৯ জুলাই। এর মধ্যেই শুরু হবে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। ১২ দলের অংশগ্রহণে ১২ জুন থেকে শুরু হবে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে হবে আসরটি। যারা ফুটবল বিশ্বকাপ ও নারীদের ক্রিকেটে চোখ রাখতে চান, তাদের জন্য একটু বিপত্তিই হলো। দু’টি আসর হয়ে গেছে সাংঘর্ষিক। এর আগে অনুষ্ঠিত হবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ২০২৫-২৬ উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপের ক্লাব ফুটবল প্রতিযোগিতার ৭১তম আসর। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রূপান্তরিত হওয়ার পর থেকে এটি ৩৪তম আসর। হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় ৩০ মে হবে ফাইনাল।
বিশ্বকাপ ফুটবলের মাঝেই ২৯ জুন টেনিসের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনও। ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত চলবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস হবে ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। সেপ্টেম্বর ১৯ থেকে অক্টোবর ৪ পর্যন্ত জাপানের আইচি ও নাগোয়াতে চলবে এশিয়ান গেমস। এটি হবে গেমসের ২০তম আসর। এর পর ইউএস ওপেন ৩১ আগস্ট থেকে শুরু হবে চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর হবে বিশ্ব অ্যাথলেটিকস প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ ৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর। অক্টোবর-নভেম্বরে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ, এর পরপরই ছেলেদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর মধ্যে রয়েছে বিশ্ব বেসবল ক্ল্যাসিক। বেসবলের ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনিতে হবে পুরুষ, মহিলা ও হুইলচেয়ার রাগবি বিশ্বকাপ।