ইরানের দাঙ্গায় ইন্ধন স্বীকার যুক্তরাষ্ট্রের
Printed Edition
প্রেস টিভি
বিপ্লবের প্রায় সাড়ে চার দশকের মধ্যে সবচেয়ে বড় সঙ্কটে পড়েছিল ইরান। গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সঙ্কটের কারণে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে দাঙ্গায় রূপ নেয়। এতে সরকারি হিসাব অনুযায়ী সাড়ে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। শুরু থেকেই তেহরান অভিযোগ করে আসছিল, এ বিশৃঙ্খলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাত রয়েছে। তবে এত দিন কোনো প্রমাণ হাজির করতে পারেনি তারা।
এবার বিষয়টি স্বীকার করেছেন খোদ মার্কিন অর্থমন্ত্রী স্কট কেনেথ হোমার বেসেন্ট। তিনি জানিয়েছেন ওয়াশিংটন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইরানে মার্কিন ডলারের ঘাটতি তৈরি করেছিল। এর ফলে ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক পতন ঘটে এবং এমন অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়, যা দাঙ্গার প্রেক্ষাপট তৈরি করে। সাংবাদিক এলিজাবেথ বয়েড অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর তথাকথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি জোরদার করতে কী পদক্ষেপ নিয়েছে। তার জবাবেই উঠে আসে এই স্বীকারোক্তি। এই প্রকাশ্যে স্বীকারোক্তি ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা যা করেছি তা হলো দেশটিতে ডলারের সঙ্কট তৈরি করা, এটি ডিসেম্বরে একটি দ্রুত এবং বিশাল চূড়ান্ত পরিণতির দিকে মোড় নেয়, যখন ইরানের অন্যতম বৃহত্তম ব্যাংক দেউলিয়া হয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘ইরানের কেন্দ্রীয় ব্যাংককে তখন টাকা ছাপাতে হয়েছিল, দেশটির মুদ্রার মান হু হু করে পড়ে যায় এবং মুদ্রাস্ফীতি ভয়াবহ রূপ নেয়। ডলার সঙ্কট তৈরি করার পাশাপাশি, একই চাপ প্রয়োগের অভিযানের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের তেল রফতানিও ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনে। এর মাধ্যমে সাধারণ ইরানিদের ওপর অর্থনৈতিক সীমাবদ্ধতা কঠোর করা হয় এবং প্রকাশ্যে দেশটিতে আর্থিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানো হয়। গত ২০ জানুয়ারি এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট কেনেথ বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞাগুলো মূলত ইরানের মুদ্রাকে দুর্বল করার জন্যই ডিজাইন করা হয়েছিল। গত ২৮ ডিসেম্বর যখন মুদ্রার অবমূল্যায়ন নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়, তখন ইসরাইলের মোসাদের সাথে যুক্ত সুসংগঠিত দলগুলো সেখানে অনুপ্রবেশ করে। তারা বিক্ষোভকারী, নিরাপত্তা বাহিনী, সরকারি ভবন ও মসজিদে হামলা চালায় এবং সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভকে পরিকল্পিত সহিংসতায় রূপান্তর করে।