সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন প্রশ্ন জামায়াত এমপির
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের এমপি জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের একাদশতম দিন গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে সংসদের প্রাণবন্ত কার্যক্রম চলছে, সংসদ অনেকবার নরম-গরম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ধারা এবং কার্যপ্রণালী সুন্দরভাবে বলেছেন। তবে গত দু’দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পাশের আসনে দেখা যাচ্ছে। ওনার আসন যেখানে ছিল, সেখান থেকে তিনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন। প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কি না। যদি ছাড় দিয়ে না থাকেন, তবে এই সংসদে রুলস অব প্রসিডিওর যা আছে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করছি।
তার প্রশ্নের উত্তরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সংসদে আসন পরিবর্তন হতেই পারে, এটা কোনো পয়েন্ট অব অর্ডারের বিষয় না।
পরে, যখন সংসদে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ উত্থাপন করার আহ্বান করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার জায়গায় ফেরত এসেছি।