পর্যটকদের চাপ সহ্য করতে না পেরে সাকুরা উৎসব বাতিল

Printed Edition
onno 2
আরাকুরায়মা সেনজেন পার্কের গত বছরের সাকুরা উৎসবে পর্যটকদের অপেক্ষারত লাইন : ইন্টারনেট

বিবিসি

জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত ফুজিইয়োশিদা শহরে অতিরিক্ত পর্যটকদের কারণে স্থানীয়দের জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠায় এবারের চেরি ব্লসম বা সাকুরা উৎসব বাতিল করা হয়েছে। শহরের বাসিন্দাদের অভিযোগ, পর্যটকদের ভিড়ে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়, যত্রতত্র আবর্জনা ফেলা হয়। এমনকি অনেক পর্যটক অনুমতি ছাড়াই ব্যক্তিগত বাগানে প্রবেশ করে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছেন।

প্রতি বসন্তে সাকুরা ফুল ফোটার সময় মাউন্ট ফুজিকে পেছনে রেখে ছবি তোলার জন্য এ শহর পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। বিশেষ করে আরাকুরায়ামা সেনজেন পার্কের প্যাগোডা থেকে দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০১৬ সালে পর্যটন বাড়াতে এই উৎসব শুরু হলেও এখন তা শহরের সক্ষমতার বাইরে চলে গেছে। শহরের মেয়র শিগেরু হোরিউচি গত মঙ্গলবার বলেন, পর্যটকদের অত্যাচারে নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে। তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের মর্যাদা এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার স্বার্থে আমরা ১০ বছরের পুরনো এই উৎসবটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একরকম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছি।’

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিদিন প্রায় ১০ হাজার পর্যটক এই শহরে ভিড় করছেন। জাপানি মুদ্রা ইয়েনের মান কমে যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শহরটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠাই এর প্রধান কারণ। উৎসব আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলেও এপ্রিল ও মে মাসে পর্যটকদের ভিড় কমার সম্ভাবনা নেই। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে বাড়তি প্রস্তুতি নিচ্ছে ফুজিইয়োশিদা শহর কর্তৃপক্ষ। সেই সাথে, পর্যটকদের ছবি তোলার পাগলামি সামলাতে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন পর্যটন শহর। জাপানে ছবি তোলা ঠেকাতে কড়াকড়ি বা উৎসব বাতিলের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালে দেশটির ফুজি কাওয়াগুচিকো শহরে মাউন্ট ফুজির দৃশ্য আড়াল করতে একটি বিশাল কালো পর্দা টাঙিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।

সেখানে একটি জনপ্রিয় দোকানের ওপর দিয়ে মাউন্ট ফুজি দেখা যেত। এই বিশেষ কোণে ছবি তোলার জন্য পর্যটকেরা সেখানে সারাক্ষণ ভিড় করে থাকতেন। কিন্তু পর্যটকদের যত্রতত্র ময়লা ফেলা এবং অবৈধ পার্কিংয়ে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালে শেষ পর্যন্ত দৃশ্যটিই পর্দা দিয়ে ঢেকে দেয়া হয়। শুধু জাপানই নয়, পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলোও। গত সোমবার ইতালির রোমে বিখ্যাত ‘ট্রেভি ফাউন্টেন’ দেখার জন্য ২ ইউরো ফি নির্ধারণ করা হয়েছে। এর আগে দর্শনার্থীরা সেখানে বিনামূল্যে যাওয়ার সুযোগ পেতেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং ঝরনাটির রক্ষণাবেক্ষণের খরচ জোগাতে এই অর্থ ব্যয় করা হবে। ইতালির আরেক বিখ্যাত শহর ভেনিসেও পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এপ্রিল থেকে জুলাই মাসের নির্দিষ্ট কিছু দিনে ভেনিসে ঢুকতে পর্যটকদের ৫ থেকে ১০ ইউরো পর্যন্ত ফি গুনতে হচ্ছে। মূলত পর্যটন মৌসুমে ভিড় কমিয়ে শহরের পরিবেশ রক্ষা করতেই এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।