বিএফইউজে-ডিইউজের ইফতারে ফখরুল

নির্বাচন দেরি হলে ফের মাথাচাড়া দিয়ে উঠবে ফ্যাসিস্ট শক্তি

নিজস্ব প্রতিবেদক
Printed Edition
1st-4
জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল : নয়া দিগন্ত

‘নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মাহফিলে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সব দলই সংস্কারের ব্যাপারে একমত হয়েছে। আবার আমাদের একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এ জন্য সরকারকে বলব অবিলম্বে নির্বাচনের তাারিখ ও রোডম্যাচ ঘোষণা করুন।

ইফতার মাহফিলে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় বিএফইজে মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বক্তৃতা করেন। মাহফিলে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বিএনপি নেতা ইশরাক হোসেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, নিউ নেশন সম্পাদক আকরাম হোসাইন, সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, পিআইবির সাবেক মহাপরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও ইলিয়াস খান, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ ও মুহাম্মদ বাকের হোসাইন, বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন যেটা চাইছি, অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি তিনি অতি অল্প সময়ের মধ্যে যেটা আমরা বারবার করে বলেছি, অত্যন্ত প্রয়োজনীয় যেসব সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। কারণ আমরা যেটা লক্ষ করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশে পক্ষের শক্তিকে পরাজিত করার জন্য বিরুদ্ধ শক্তি-ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথাচাড়া দিতে শুরু করে দেবে এবং তারা শুধু নয়, একই সাথে যারা জঙ্গি মনোভাব পোষণ করে থাকেন, যারা উগ্র মনোভাব পোষণ করে থাকেন তারাও এসব সুযোগ নেয়ার চেষ্টা করবে।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজকে সেখানে আমাদেরকে একটু ধৈর্যধারণ করতে হবে। আমরা পত্রিকার পাতা খুললেই আমরা বিচলিত হয়ে পড়ি যে আবার সেই দেখা যাচ্ছে যে, হত্যা-খুন-জখম-ধর্ষণ এগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে বিধায় এগুলো আমাদেরকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। অন্য দিকে আমরা দেখছি, ইয়াং জেনারেশন আমাদের ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি যে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে তাদের কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে এসে এক দিকে তারা দেশ পরিচালনা করবেন অন্য দিকে অন্য যে বাকি যেসব প্রয়োজনীয় সংস্কার আছে সেগুলো আমরা এক সাথে করতে পারব। বিএনপির পক্ষ থেকে বলতে চাই, উই আর কমিটেড টু রিফর্মস। সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দুই বছর আগে দিয়েছি যে সংস্কারের কথা কেউ বলেনি। সেসব সংস্কার আজকে উঠে এসেছে, যার সাথে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। সে জন্য আমরা মনে করি যে, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে এ দেশের মানুষের প্রতি অন্যায়, অত্যাচার ও জলুম, নির্যাতন চালিয়েছে তাদের বিচার ত্বরান্বিত করতে হবে। দেশের স্বার্থের জায়গায় দেশের সব দলকে একটি ঐকমত্য গড়ে তুলতে হবে। গোলাম পরওয়ার রোজার গুরুত্ব তুলে ধরে বলেন, রোজা মানুষকে খারাপ কাজ ও সব ধরনের পাপাচার থেকে দূরে রাখে। রোজা মানুষকে মুত্তাকি হতে সহায়তা করে।