ম্যানসিটির জয়ে বাড়ল রোমাঞ্চ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে জানুয়ারিতে চেলসির বিপক্ষে প্রথম দেখায় ইত্তিহাদে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। লিগে দ্বিতীয় দেখায় স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের বিপক্ষে গত পরশু দারুণ এক জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা। বিরতির পর যে ১৭ মিনিটের আগ্রাসী রূপে চেলসিকে রীতিমতো কোনঠাসা করে ছেড়েছে ম্যানসিটি। এই সময়ে তিনবার জালে বল পাঠিয়েছে স্কাই ব্লজরা। নিকো ও’রেইলি দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বাড়ান মার্ক গেয়ি। চেলসির জালে শেষ পেরেক ঠুকেন জেরেমি ডোকু। ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে এই জয়ে শিরোপা লড়াইয়ে নতুন উন্মাদনাও যোগ করল পেপ গার্দিওলার দল।

প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়েও যোগ হলো নতুন রোমাঞ্চ। ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। লিগে বর্তমানে আর্সেনালের যে অবস্থান, পুরো মৌসুম দাপট দেখিয়ে শেষ দিকে এসে খেই হারানো, তারপর শিরোপা হাতছাড়া, এমন ঘটনা আগেও তাদের ঘটতে দেখা গেছে। সর্বশেষ তিন মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে দু’বার শিরোপা হাতছাড়া করেছে আর্সেনাল। মৌসুমের শেষভাগে এসে এবারো সেই শঙ্কায় তৈরি হয়েছে।

প্রিমিয়ার লিগ আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ রয়েছে আর্সেনালের। সেই ম্যাচটিকে গণ্য করা হচ্ছে লিগ শিরোপা নির্ধারণী ‘ফাইনাল’ হিসেবে। চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে গত পরশু ৩-০ ব্যবধানে জয়ের পর সিটির সাথে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ব্যবধান নেমে এসেছে ৬ পয়েন্টে। এক ম্যাচ কম খেলায়।সেই বাড়তি ম্যাচটি যদি সিটি জিতে যায়, তবে পার্থক্য নেমে আসবে ৩ পয়েন্টে। সে ক্ষেত্রে সিটি-আর্সেনাল ম্যাচ আক্ষরিক অর্থেই ভাগ্য নির্ধারক হয়ে উঠতে পারে।

প্রিমিয়ার লিগে যদিও এখন পর্যন্ত শিরোপার লাগাম আর্সেনালের হাতেই। ১৯৯২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে আর্সেনাল এখন পর্যন্ত মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। আর্সেন ওয়েঙ্গারের অধীনে তারা ১৯৯৭-৯৮, ২০০১-০২ ও ২০০৩-০৪ অপরাজিত হয়ে এই শিরোপা জিতেছিল। চলতি মৌসুমে শেষ ছয় ম্যাচ জিতে গেলে কোনো হিসাব-নিকাশে যেতে হবে না তাদের। আর গত তিন আসরের মতো হতাশা হতে হবে না মিকেল আর্তেতার দলকে।

কিন্তু অতীত অভিজ্ঞতা একেবারেই উল্টো কথা বলছে আর্সেনালের। গত পাঁচ মৌসুমে মাত্র একবারই এক মৌসুমের শেষ ১২টি লিগ ম্যাচের মধ্যে ১০টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা। এ ছাড়া ওই মৌসুমগুলোতে শেষ ১২ ম্যাচে আর্সেনাল কখনোই শেষ পর্যন্ত শিরোপাজয়ী দলের চেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। চলতি মৌসুমেও আগের ছয় ম্যাচের চারটিতে জয়, একটি পরাজয় ও এক ম্যাচে ড্র’তে ১৩ পয়েন্ট অর্জন করেছে আর্সেনাল। অন্য দিকে শেষ ছয় ম্যাচের চারটিতে জয় ও দু’টিতে ড্র করে ১৪ পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে আগামী ১৯ এপ্রিল ইত্তিহাদ স্টেডিয়ামে সেই ‘অলিখিত’ ফাইনালের ফলাফলে অনেকটা নির্ভর করছে লিগ শিরোপা কে জয় করবে- আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি।