বুড়িচংয়ে মাদককারবারির হাতে বিএনপি নেতা খুন
Printed Edition
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রমিজ উদ্দিন (৫০) নামে এক বিএনপি নেতাকে কাঁচি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদককারবারি মকবুল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
নিহত রমিজ উদ্দিন রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে। ইউনিয়ন বিএনপি সভাপতি আজাদ জানায়, তিনি ৭ নম্বর ওয়ার্ডের দফতর সম্পাদক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে তাদের খালাতো ভাই ভারত আনন্দপুরের বাসিন্দা সিরাজের ছেলে আক্তার হোসেন (৫০) ও ভাই জামির হোসেন (অদুদ মিয়ার জামাতা) গাঁজা কেনার জন্য রমিজ উদ্দিনের ভাই মিজানের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নেন। এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত সোমবার বিকেলে শংকুচাইল উত্তরপাড়ার শাহ আলম ও সাত্তারের দোকানের সামনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির সময় রমিজ উদ্দিন বিষয়টি মীমাংসা করতে এগিয়ে গেলে একই এলাকার হাসেমের ছেলে মাদককারবারি মকবুল হোসেন তাকে কাঁচি দিয়ে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। রমিজ উদ্দিনের বোন খোরশেদা বেগম খুশো জানায়, প্রথমে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মকবুলের স্ত্রী সোজেনা আক্তার ও নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, রমিজ হত্যার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।