সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের জানাজায় মানুষের ঢল

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক এমপি ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদকে গতকাল উপজেলার গোরাপিপাড়া কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

গতকাল বেলা ১১টায় সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল নামে। এতে বিএনপি, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, জেলা আহ্বায়ক সদস্য আলী আনসার মোল্লা, সিরাজদিখান উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, শ্রীনগর উপজেলার সাবেক সভাপতি আলহাজ মোমিন আলী, সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, উপজেলা জাপা সভাপতি হাকিম হাওলাদার, বাংলাদেশের বিকল্প যুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: আব্দুল্লাহ। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।