সিলেটে এপ্রিলে ১০৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে
Printed Edition
সিলেট ব্যুরো
স্বাভাবিকভাবে এপ্রিল মাসে সিলেট অঞ্চলে গড়ে ২৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। তবে চলতি বছর তার প্রায় দ্বিগুণ ৬০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটা স্বাভাবিকের তুলনায় গড়ে ১০৪ দশমিক ৪ শতাংশ বেশি। এপ্রিলে সিলেটে গড়ে ১৩ দিন বৃষ্টি হওয়ার কথা থাকলেও বাস্তবে বৃষ্টি হয়েছে ২৩ দিন, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
তারা আরো জানিয়েছে, সাধারণত এ সময় ভারতের উজান এলাকায় বেশি বৃষ্টিপাত হলেও এবার বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি মে মাসেও এ ধারা অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু মিলিয়ে মে মাসে সিলেটসহ সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, এপ্রিলে বৃষ্টিপাতের ধরন অস্বাভাবিক ছিল। সাধারণত এ সময় ভারতের দিক বৃষ্টিপাত বেশি হয়ে থাকে; কিন্তু এ বছর ডাউনস্ট্রিমে বাংলাদেশে প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে।
উল্লেখ্য, এপ্রিল মাসে ঢাকায় স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় ৭৯ দশমিক ৮ শতাংশ, চট্টগ্রামে ৩৬ দশমিক ৫ শতাংশ, রংপুরে ৮৭ দশমিক ১ শতাংশ, খুলনায় ৬৯ দশমিক ৩ শতাংশ এবং বরিশালে ১৬৯ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।