মার্কিন নিষেধাজ্ঞায় বিশ্বে বছরে সাড়ে ৫ লাখের বেশি মানুষের মৃত্যু : ল্যানসেট

Printed Edition

পার্সটুডে

যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রতি বছর বিশ্বে প্রায় পাঁচ লাখ ৬৪ হাজার মানুষের প্রাণহানি ঘটে বলে জানিয়েছে চিকিৎসা সাময়িকী ল্যানসেট গ্লোবাল হেলথ। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির আবহে বিশ্ব যখন ওয়াশিংটনের ‘সর্বোচ্চ চাপের অভিযান’-এর শিকারদের গণনা করছে, তখন এই কঠোর বাস্তবতার চিত্র সামনে এলো।

ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত এক গবেষণায় ১৯৭১ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫২টি দেশের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা মূলত সাধারণ মানুষকে লক্ষ্য করে প্রয়োগ করা একটি অস্ত্র। গবেষণার তথ্যানুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার ফলে বার্ষিক মৃত্যুর এই সংখ্যা বিশ্বের সব সশস্ত্র যুদ্ধে নিহতের মোট সংখ্যার সমান। উদ্বেগজনক বিষয় হলো, এসব মৃতের মধ্যে ৫১ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। গবেষণার সূত্র ধরে ‘লিবার্টেরিয়ান ইনস্টিটিউট’ জানিয়েছে, গত পাঁচ দশকে এসব নিষেধাজ্ঞার কারণে সম্মিলিত মৃত্যুর সংখ্যা প্রায় তিন কোটি ৮০ লাখে দাঁড়িয়েছে। গবেষক মার্ক ওয়েইসব্রট এ পরিস্থিতিকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করে বলেছেন, এটি অব্যাহত রাখা সম্পূর্ণ অনৈতিক এবং এর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। এতে উল্লেখ করা হয়েছে যে ট্রাম্প প্রশাসন এই বিতর্কিত নীতি থেকে সরে না এসে বরং ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনকেও এর সাথে যুক্ত করেছে।