ফ্রান্সে বাংলাদেশী বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ প্লাটফর্মের যাত্রা
Printed Edition
মোহাম্মদ মাহবুব হোসাইন প্যারিস (ফ্রান্স)
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অধিকার রক্ষা, কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সহায়তা জোরদারের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন একটি সংগঠন ‘আসোসিয়াসিয়োঁ দে জেল্যু ফ্রঁসেজ দোরিজিন বাংলাদেশ’ (বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি জনপ্রতিনিধিদের সংগঠন)। গত রোববার আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।
২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত এ প্লাটফর্মটি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির একটি শক্তিশালী, নির্ভরযোগ্য এবং প্রাতিষ্ঠানিক কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির প্রধান লক্ষ্য হলো প্রশাসনিক পর্যায়ে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং একটি সংগঠিত কমিউনিটি কাঠামো গড়ে তোলা।
নবগঠিত সংগঠনের নেতৃত্বে রয়েছেন সভাপতি কৌশিক রাব্বানী (সেইন্ট ডেনিস), সেক্রেটারি নাহিদুল মোহাম্মদ (সেইন্ট ডেনিস), সহসভাপতি জুবায়েদ আহমেদ (ইভরি সুর সেইন) এবং ট্রেজারার তানিয়া তুনু (গার্ঝ-লে-গোনেস)।
নতুন সংগঠন গঠন প্রসঙ্গে সভাপতি কৌশিক রাব্বানী বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের সর্বপ্রকার সহায়তা প্রদান, তাদের অধিকার সংরক্ষণ এবং ফরাসি সমাজে তাদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে। আমরা চাই, এ প্লাটফর্মটি প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল ও কার্যকর প্রতিনিধিত্বকারী শক্তিতে পরিণত হোক।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফ্রান্সের জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যরাও এ প্লাটফর্মের সাথে যুক্ত হবেন। এতে সংগঠনটি আরো শক্তিশালী, গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।