সম্প্রীতির জনপদ গড়ার অঙ্গীকার

গাজীপুর-৫ আসনে জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর-৫ আসনে একটি নিরাপদ, মানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতিনির্ভর সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করা হয়।

নির্বাচনী পরিচালক মো: মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘দলীয় সংকীর্ণতা ও বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই ইশতেহার কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়; বরং মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার একটি সামাজিক চুক্তি।’ ইশতেহারের মূল দর্শন হিসেবে ‘শাসন নয়, সেবা’ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহারে জননিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ ছাড়া সড়ক, সেতু, বিদ্যুৎসহ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক স্বনির্ভর অর্থনৈতিক অঞ্চল হিসেবে গাজীপুর-৫ কে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। নারীর নিরাপত্তা রক্ষা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার বিষয়েও সুনির্দিষ্ট অঙ্গীকার করা হয়েছে ইশতেহারে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা যাইনুল আবেদীন ও সাবেক সচিব শেখ এ কে এম মোতার হোসেন। তারা বলেন, এই ইশতেহার সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে একটি ভবিষ্যৎ সমাজের রূপরেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী এবং খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন কাসেমী। এ ছাড়া জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা ইশতেহারের প্রতি সংহতি প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত অংশগ্রহণে গাজীপুর-৫ একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদে রূপ নেবে।