বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Printed Edition
বাসস
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে মঙ্গলবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আলোচনাকালে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। একই সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগকে বিশেষভাবে উৎসাহিত করছে।
তিনি বলেন, দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সচল করা, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমানে সরকারের অগ্রাধিকার। প্রায় সাত বিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদসমৃদ্ধ শিল্পখাতকে কার্যকর করা এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে এগুলোকে উৎপাদনমুখী করা সরকারের অন্যতম লক্ষ্য। এ সময় তিনি বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদন খাতে অস্ট্রেলিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ৫.১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সবুজ জ্বালানি, উদ্ভাবন ও প্রযুক্তি সহযোগিতার সুযোগসমূহ পর্যালোচনা করছে।
তিনি আরো জানান, বর্তমানে প্রায় ২৮ হাজার বাংলাদেশী শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত রয়েছে, যা দেশটিকে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করেছে।