সাকিবকে ‘দোসর’ বললেন আসিফ
Printed Edition
বিনোদন প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে অবস্থান করা স্বৈরাচার শেখ হাসিনাকে দিল্লির সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেয়ার অনুমতি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানটি আয়োজনের ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের চেষ্টায় সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। এরপরও ভারতের মাটিতে এ আয়োজনের অনুমতি দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছে। এই মতবিনিময়ে অংশ নেন বাংলাদেশের জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে এদেশের অনেকেই সাকিব আল হাসানের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক আসিফ আকবরও। চলতি বছরের মার্চ মাসেই সাকিবকে নবাব আখ্যা দিয়েছিলেন আসিফ আকবর। এর চার মাস পরেই সাকিব আল হাসানকে নিয়ে বোধোদয় হয়েছে আসিফের। এই গায়ক ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’ এ বছরের মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের একটি বেসরকারি টেলিভিশন সাকিবের জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে দেখা যায়, কেক কেটে সাকিবের জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর। দুজন দুজনকে কেক খাইয়ে দেন। সে সময় আসিফ আবার সাকিবকে ‘নবাব’ বলেও সম্বোধন করেন। এর চার মাস পরে সাকিবকে নিয়ে নতুন মন্তব্য করলেন দেশের আলোচিত গায়ক।